সিসিক প্রশাসকের সঙ্গে সেলফলেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সিলেট নগরবাসীর চিকিৎসাসেবায় কাজ করবে সেলফলেস ইউকে

post-title

ছবি সংগৃহীত

সিলেট নগরবাসীর চিকিৎসাসেবা উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন সেলফলেস ইউকে-এর চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেলফলেস ইউকে-এর ১০ সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল এ আগ্রহের কথা জানান।

এ সময় সিসিক প্রশাসক চিকিৎসকদের স্বাগত জানিয়ে বলেন, “সিলেটের মানুষের চিকিৎসাসেবার মানোন্নয়নে দেশ-বিদেশের চিকিৎসক ও মানবিক সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলফ্লেস ইউকে যে আন্তরিকতার সঙ্গে সিলেটের মানুষের পাশে দাঁড়াতে চায়, তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।”

তিনি আরও বলেন, “সিটি কর্পোরেশন নাগরিকদের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। এ ধরনের আন্তর্জাতিক মানবিক উদ্যোগের সঙ্গে সমন্বয় করে চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ ও কার্যকর করা সম্ভব হবে। আমরা ভবিষ্যতে যৌথভাবে স্বাস্থ্য ক্যাম্প, সচেতনতামূলক কার্যক্রম এবং বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদানের বিষয়ে আলোচনা করতে আগ্রহী।”

সাক্ষাৎকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

চিকিৎসক প্রতিনিধি দলে ছিলেন ডা. বারিদা পই, ডা. এলিসিয়া জ্যাকসন, ডা. নাওমি পটস, ডা. আন্নাহ ফারওয়া, ডা. আমিনা চৌধুরী, ডা. আমনা ইমরান, ডা. অশ্বিনদার গুগনানি, ডা. কাওলান ইরেনাচ, ডা. নাঈম আহমদ ও ডা. জাহাঙ্গীর আলম।

এছাড়া উপস্থিত ছিলেন সেলফ্লেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুস সামাদ চৌধুরী।

এসএ/সিলেট